‘আপনাদের ভালোবাসায় ধন্য’,
বিদায় বেলায় আবেগে ভাসলেন সারওয়ার আলম
হৃদয়ে সিলেটবাসীর ভালোবাসা আর একরাশ স্মৃতি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
প্রশাসন সূত্র জানায়, আজ দুপুর ১টার দিকে সিলেটের সরকারি বাসভবন ত্যাগ করার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এর আগে গতকাল সোমবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং সহকর্মীদের কাছ থেকে অশ্রুসিক্ত বিদায় নেন। নতুন ডিসি যোগ দেওয়ার আগ পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করতে ভুল করেননি এই জননন্দিত কর্মকর্তা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন: "বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।"
গত রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. সারওয়ার আলমকে আকস্মিকভাবে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই আদেশে আজই তাঁর মন্ত্রণালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে এত দ্রুত প্রত্যাহার করা হলো, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
সিলেটে মাত্র ১০ মাসের দায়িত্ব পালনকালে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়ে আলোচনা-সমালোচনায় ছিলেন সারওয়ার আলম। বিশেষ করে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের স্বচ্ছতা ফেরাতে তাঁর নেওয়া উদ্যোগগুলো বেশ সাড়া ফেলেছিল।
তবে সাধারণ মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন অনেক আগেই। র্যাবের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী সফল অভিযান চালিয়ে তিনি দেশজুড়ে সাধারণ মানুষের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছিলেন। কর্মজীবনে নানা উত্থান-পতন ও তিনবার পদোন্নতি বঞ্চিত হওয়ার পর ২০২৪ সালে তিনি উপসচিব হন এবং পরবর্তীতে সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব পান। সিলেটের মাটি ও মানুষের প্রতি গভীর টান রেখেই আজ বিদায় নিলেন এই আলোচিত কর্মকর্তা।
রোদ্দুর রিফাত / সজল
মন্তব্য করুন: