কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ

কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ

প্রথম ডেস্ক

২২/০৬/২০২৬ ১৫:৩১:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার (২১ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


রবিবার সন্ধ্যায় ‘মন্ত্রীর মিডিয়া সেল’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বরাতে বলা হয়, কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহত রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এক শোকবার্তায় প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


নিহতদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সকালে ওই পাঁচ প্রবাসী যুবক একটি পিকআপ ভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। বর্তমানে তাদের মরদেহ কাতারের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গতকাল বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে স্বজনেরা এই খবরটি জানতে পারেন। খবরটি পৌঁছামাত্রই কানাইঘাট এলাকায় শোকের ছায়া নেমে আসে।


কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল লতিফ নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), একই উপজেলার মাঝতালুক গ্রামের মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।

রোদ্দুর রিফাত / সজল

মন্তব্য করুন: