জকিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জকিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২০/০৬/২০২৬ ২২:৩৮:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যতের জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি জোরদারের লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার একটি স্থানীয় হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ছরওয়ার হোসেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন, অতীতেও নানা জুলুম-নির্যাতনের মুখে জামায়াতে ইসলামীকে নিঃশেষ করা সম্ভব হয়নি, ভবিষ্যতেও তা সম্ভব হবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সব ধরনের প্রতিকূলতা মোকাবিলা করে আল্লাহর ওপর ভরসা রেখে জনগণের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি আগামী দিনের সব ধরনের নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনের জন্য এখন থেকেই মাঠপর্যায়ে সুসংগঠিত ও পরিকল্পিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, আদর্শবান, দক্ষ ও জনসম্পৃক্ত কর্মীবাহিনীই একটি শক্তিশালী সংগঠনের প্রধান ভিত্তি। তাই প্রতিটি কর্মীকে ইসলামী আদর্শ ধারণ করে মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ সৈয়দ মাওলানা ফয়জুল্লাহ বাহার এবং জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম। বক্তারা কর্মীদের সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং জনসেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলওয়ার লস্কর, কর্মপরিষদ সদস্য মাওলানা জামিল আহমদ চৌধুরী মুহিব, ডা. গোলাম কিবরিয়া, মাওলানা এনামুল হক, হারুনুর রশিদ, আবু রুশদ মো. ইকবাল, বেলাল আহমদ, যুবনেতা মিজানুর রহমান, মাওলানা শাহরিয়ার হোসেন শহীদ ও শাহীন আহমদ।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বাছাইকৃত কর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক চেতনার বিকাশ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কর্মীদের আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সজল আহমেদ

মন্তব্য করুন: