সিলেটে লাইভ করে চোরকে পেটালেন ইউপি সদস্য
সিলেটের ফেঞ্চুগঞ্জে লাইভ ধারণ করে এক চোরকে বেদম পেটালেন স্থানীয় এক ইউপি সদস্য। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে শনিবার (১৩ জুন) উপজেলার সদর ইউনিয়নের ছত্রিশ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছত্রিশ গ্রামে চুরির অভিযোগে এক যুবককে আটকে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আহমদের কাছে নিয়ে যান এলাকার কিছু লোক। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ওই যুবককে পাইপ দিয়ে মারধর শুরু করেন জয়নাল। এই মারধরের দৃশ্য নিজের ফেসবুক একাউন্ট থেকে লাইভ সম্প্রচার করেন তিনি।ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জয়নাল আহমদ নামের ওই ইউপি সদস্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবককে সামনে বসিয়ে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন জয়নাল আহমদ। তিনি বলেন, এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। চোরদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হলেও তারা অল্প সময়ের মধ্যেই ফিরে এসে আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।
লাইভে তিনি আরও বলেন, প্রয়োজনে ব্যক্তিগত ক্ষতি হলেও তিনি গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান। একপর্যায়ে হাতে থাকা প্লাস্টিকের পাইপ দিয়ে ওই যুবককে (সন্দেহজনক চোর) আঘাত করতেও দেখা যায়।
মারধরের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য জয়নাল আহমদ সোমবার (১৫ জুন) প্রথম সিলেটকে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় একটি সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে। বারবার থানায় অভিযোগ দেওয়ার পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে অভিযুক্তদের ডেকে সতর্ক করা হয়েছে। তার দাবি, চোরচক্রের সদস্যরা শুধু চুরিই নয়, মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।
তবে ফেসবুক লাইভে মারধরের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, উদ্দেশ্য ছিল অভিযুক্তদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনা। কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেও সহযোগিতা করা হবে।
মারধরের ভিডিওটি নজরে এসেছে জানিয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল করিম প্রথম সিলেটকে বলেন, আমি এ ব্যাপারে ইউএনও মহোদয়ের সাথে কথা বলেছি। তাকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। এছাড়া কেউ লিখিত অভিযোগ করলে পুলিশও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
ফেঞ্চুগঞ্জ ইউএনও আজিজুন্নাহার বলেন, এরকম একটি ভিডিওর কথা আমি শুনেছি। তবে ভিডিওটি এখনও আমি দেখিনি। খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা পেলে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
সজল আহমদ /ডি আর ডি
মন্তব্য করুন: