বিজিবির ওপর হামলা ও চোরাচালান মামলার আসামি এখন স্কুল কমিটির সভাপতি

মধ্যনগরের মহিষখলা উচ্চ বিদ্যালয়

বিজিবির ওপর হামলা ও চোরাচালান মামলার আসামি এখন স্কুল কমিটির সভাপতি

নিজস্ব প্রতিনিধি. মধ্যনগর

০৮/০৫/২০২৬ ১১:৩৫:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিজিবি সদস্যদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা এবং ভারতীয় গরু চোরাচালান মামলার অন্যতম আসামি ও উপজেলা যুবদলের সদস্য মো. সোহেল রানাকে সুনামগঞ্জের মধ্যনগরের ঐতিহ্যবাহী মহিষখলা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। এ নিয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

গত বছরের ২৮ সেপ্টেম্বর টাঙ্গুয়ার হাওরে চোরাই গরু পাচারের সময় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি। বিজিবির ওপর প্রাণঘাতী হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অপরাধে অভিযুক্ত হওয়া সত্ত্বেও গত ২৮ এপ্রিল সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে সভাপতি করে চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দেয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নীতি-নির্ধারণী পদে একজন দাগী আসামির অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে।

অভিযুক্ত সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করে মামলার চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে দাবি করলেও মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন জানান, মামলাটি এখনও তদন্তাধীন এবং কোনো চার্জশিট দেওয়া হয়নি।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, একজন বিতর্কিত ও মামলার আসামির স্কুল কমিটির সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই; তাঁকে বাদ দিয়ে নতুন নাম প্রস্তাব করে বোর্ডে পাঠানো হবে।

শিক্ষা বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, জেলা প্রশাসকের পাঠানো নামের তালিকা থেকেই এই অনুমোদন দেওয়া হয়েছিল, তবে অভিযোগের প্রেক্ষিতে নতুন প্রস্তাবনা এলে বর্তমান কমিটি পুনর্গঠন করা হবে।


এ রহমান

মন্তব্য করুন: