কাটা গাছগুলো সরকারি জিম্মায় : ইউএনও
নবীগঞ্জে সরকারি জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের বখশিপুর এলাকায় শাখাবরাক নদীর তীরবর্তী সরকারি ভূমি থেকে ১৪-১৫টি মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাখাবরাক নদীর তীরবর্তী সরকারি জমিতে রেন্টি, আকাশী ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ১৪-১৫টি বড় আকারের মূল্যবান গাছ ছিল। এই গাছগুলো নদীর তীর সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।
অভিযোগ উঠেছে, বখশিপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন অবৈধভাবে এসব সরকারি গাছ কেটে নিয়ে গেছেন। কেটে নেওয়া গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। স্থানীয়দের মতে, এভাবে সরকারি সম্পত্তি অবৈধভাবে কেটে নেওয়ায় একদিকে যেমন সরকারের আর্থিক ক্ষতি হয়েছে, অন্যদিকে নদীর তীরবর্তী গাছ ধ্বংস হওয়ায় তীর ভাঙন ও মাটি ক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এতে পরিবেশের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিরুদ্ধ দেব রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর ওই এলাকার তহসিলদারকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল। তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে ঘর তোলার কাজ বন্ধ করে দিয়েছেন এবং কাটা গাছগুলো সরকারি জিম্মায় বা দায়িত্বে রাখা হয়েছে।
স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: