নগর থেকে সেনা ও র্যাব কর্মকর্তার ভুয়া পরিচয়দানকারী পুলিশের হাতে আটক
নগরীতে ব্যবসায়ীদের সেনাবাহিনী ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মো. শহীদুল ইসলাম (নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর মালামালসহ ভ্যানগাড়ি নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে সরকারি আলিয়া মাদ্রাসার সীমানাপ্রাচীরসংলগ্ন যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটক শহীদুল ইসলাম নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশমপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, গত ৭ নভেম্বর সন্ধ্যায় চা, পান ও সিগারেট বিক্রেতা জুবেল আহমদের কাছে চাঁদা দাবি করেন শহীদুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে মালামালসহ তাঁর ভ্যানগাড়ি নিয়ে যান। পরে নগদ ২ হাজার টাকা এবং বিকাশে দুই দফায় ৫ হাজার ১০০ টাকা পেয়ে ভ্যানগাড়িটি ফেরত দেন তিনি।
এ ছাড়া গত ১০ নভেম্বর রাতে তানভীর মিয়া নামে আরেক ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে শহীদুলের বিরুদ্ধে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে তানভীরের দোকানে গেলে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিচয়পত্র দেখতে চাইলে শহীদুল তা দেখাতে পারেননি। তার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। পরে শহীদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তাহির আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: