দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৩/০৫/২০২৬ ১৮:১০:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পারিবারিক কলহের জেরে বাতির মিয়া (৪০) নামে দুই সন্তানের জনকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রুবিনা আক্তারকে আটক করেছে পুলিশ।


রবিবার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মামুনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাতির মিয়া ওই গ্রামের হুরমত আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাতির মিয়া ও তার স্ত্রী রুবিনা আক্তারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিবেশীরা দেখতে পান, রুবিনা আক্তার দৌড়ে গিয়ে তার মাকে নিয়ে আসেন। এ সময় বাতির মিয়ার বসতঘর তালাবদ্ধ ছিল বলে জানা যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্ত্রী ও শাশুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাতির মিয়াকে মৃত ঘোষণা করেন।


ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ নিহতের বাড়ি পরিদর্শন করে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, পারিবারিক কলহের জেরে এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাসুদ রানা সোহাগ

মন্তব্য করুন: