সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি
সুনামগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে টিটিসি’র কর্মচারীদের হাতে এক গণমাধ্যমকর্মী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শাহরিয়ার করিম সায়েম বাদি হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) কর্মচারী ফারাবি আহমেদকে ৩০ লিটার পেট্রোল নিয়ে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখেন সাংবাদিক সায়েম। এ সময় তিনি পেট্রোলের উৎস ও গন্তব্য সম্পর্কে জানতে চাইলে ফারাবি প্রথমে পেট্রোলগুলো মোহনগঞ্জ পৌরসভার বলে দাবি করেন। কিন্তু পরবর্তীতে তিনি দাবি করেন, এগুলো ব্যক্তিগত প্রয়োজনে নেওয়া হচ্ছে। সে সময় ফারাবি বিষয়টি পরে বিস্তারিত জানানোর আশ্বাস দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সুনামগঞ্জের ওয়েজখালি এলাকার সফেদা পেট্রোল পাম্পের সামনে পুনরায় ওই সাংবাদিকের মুখোমুখি হন ফারাবি। অভিযোগ রয়েছে, পেট্রোল সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে টিটিসি’র কর্মচারী ফারাবি, শুভ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে সাংবাদিক সায়েমের ওপর হামলা চালান। এ সময় তাদের হাতে থাকা বৈদ্যুতিক তার দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত সাংবাদিক সায়েমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ফারাবি আহমেদ। তিনি দাবি করেন, "সাংবাদিকের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। আমাদের মধ্যে কেবল কথা কাটাকাটি হয়েছে। বিষয়টি সিসিটিভি ফুটেজ যাচাই করলেই পরিষ্কার হবে। আমি বৈধ ব্যবসার কাজে নিজের জন্য পেট্রোল জমিয়েছিলাম, যা নিয়ে যাওয়ার পথে তিনি জিজ্ঞাসাবাদ করেছিলেন।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, "টিটিসি কর্মচারীদের বিরুদ্ধে এক গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে এবং এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমকর্মীর ওপর এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পি ডি
মন্তব্য করুন: