দোয়ারাবাজারে পরীক্ষার্থীদের সুবিধার্থে বড় যান চলাচলে নিষেধাজ্ঞা
Led Bottom Ad

দোয়ারাবাজারে পরীক্ষার্থীদের সুবিধার্থে বড় যান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২১/০৪/২০২৬ ১৯:৩৩:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলা প্রথম পত্র এবং মাদ্রাসা বোর্ডের কুরআন মাজিদ প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে উপজেলার সরু সড়কগুলোতে বড় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ২৭৩ জন শিক্ষার্থী ৩টি কেন্দ্র ও ১টি ভেন্যুতে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। অন্যদিকে ১০টি মাদ্রাসার ৪৭২ জন শিক্ষার্থী ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছে। এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলো হলো—দোয়ারাবাজার মডেল উচ্চবিদ্যালয়, বড়খাল স্কুল অ্যান্ড কলেজ এবং সমুজ আলী উচ্চবিদ্যালয় কলেজ। দাখিল পরীক্ষার একমাত্র কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে বড়খাল কলেজ।

পরীক্ষার প্রথম দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ। বেলা ১২টায় বাংলাবাজার ইউনিয়নের বড়খাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, উপজেলার সরু সড়কগুলোতে বড় গাড়ি চলাচলের কারণে যানজট সৃষ্টি হয়ে পরীক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন ঘটে। তাই পরীক্ষা চলাকালীন সময়ে পণ্যবাহী বা বড় যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি তিনি বিশেষভাবে আহ্বান জানান। উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, পরীক্ষার প্রথম দিনে মোট ১ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি অব্যাহত রয়েছে।


মাসুদ রানা সোহাগ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad