আদালতে সোপর্দ
শাল্লায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সুনামগঞ্জের শাল্লায় পুলিশের এক সাঁড়াশি অভিযানে ৩০ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের আটগাঁও (পশ্চিমপাড়া) গ্রামের মো. হুমায়ুন কবির (৩৫) ও মো. টিটন (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আটগাঁও পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এই অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে হুমায়ুন কবিরের কাছ থেকে ৩০ পিস ইয়াবা এবং টিটনের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ হাজার টাকা।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে শাল্লা থানা পুলিশের 'জিরো টলারেন্স' নীতি বজায় রয়েছে। তিনি বলেন, “মাদক সমাজের জন্য একটি অভিশাপ এবং শাল্লাকে মাদকমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সবসময় সতর্ক রয়েছে।” এ ঘটনায় এসআই মো. ইমাম আরেফিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী থানায় একটি মামলা (মামলা নং ১২) দায়ের করেছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: