সুপারের অপসারণ দাবি
দিরাইয়ে সরকারি বই বিক্রির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি বিনামূল্যের বই কেজি দরে বিক্রি করার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। দিরাই হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্র সোহান আহমদ, আজহারুল ইসলাম, নবম শ্রেণির ছাত্র আব্দুল রাজ্জাক এবং এসএসসি পরীক্ষার্থী আজমান আলীসহ আরও অনেকে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাদ্রাসার দপ্তরি শহীদুল ইসলাম ও তার সহযোগীরা যোগসাজশ করে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তক ভাঙারির দোকানে বিক্রি করেছে। তারা আরও অভিযোগ করেন, এই জঘন্য অপরাধের প্রতিবাদে মানববন্ধনের ডাক দেওয়া হলেও মাদ্রাসার সুপার শিক্ষার্থীদের উৎসাহিত না করে উল্টো শ্রেণিকক্ষে গিয়ে হুমকি দিয়েছেন যাতে কেউ কর্মসূচিতে অংশ না নেয়। শিক্ষার্থীরা সুপারের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁকে মাদ্রাসা থেকে অপসারণের দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার (১৮ এপ্রিল) ওই মাদ্রাসার প্রায় ৩০০ কেজি সরকারি বই জনৈক ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রির সময় স্থানীয় জনতা দপ্তরি শহীদুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে স্থানীয় মুরুব্বিরা ৪ বস্তা বই উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন। পরে উপজেলা প্রশাসন সেই বইগুলো জব্দ করে এবং বই বিক্রির প্রাথমিক সত্যতা পাওয়ায় দপ্তরি শহীদুল ইসলাম ও মইনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষার্থীরা এই ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেফতার ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: