জগন্নাথপুরে নলজুর নদীর স্টিল সেতু আবারও দেবে যোগাযোগ বিচ্ছিন্ন
সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীর ওপর অবস্থিত সড়ক ও জনপথ বিভাগের (সওজ) স্টিল সেতুটি আবারও দেবে গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে একটি মালবাহী ট্রাক পার হওয়ার সময় সেতুর মাঝখানের দুটি স্টিলের পাটাতন দেবে যাওয়ায় রাজধানী অভিমুখী সব ধরনের ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
বর্তমানে এই সড়ক দিয়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মতো হালকা যানবাহনগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেতুর এই নাজুক অবস্থার কারণে সাধারণ যাত্রী ও চালকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানান, গত কয়েক বছরে এই বেইলি সেতুটি বহুবার ধসে পড়েছে। বিশেষ করে ২০২৪ সালের ২২ আগস্ট একটি সিমেন্টবাহী ট্রাকসহ সেতুটি ভেঙে নদীতে পড়ে গিয়ে চালক ও সহকারীসহ দুজনের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি এখনো স্থানীয়দের তাড়া করে ফিরছে।
১০ টনের বেশি পণ্যবোঝাই যানবাহন চলাচলে সওজের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও অনেক চালক তা অমান্য করে অতিরিক্ত পণ্য নিয়ে সেতুতে ওঠায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে ২০২৩ সালের সেপ্টেম্বরে একনেক সভায় এখানে একটি স্থায়ী আরসিসি সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদিত হলেও দীর্ঘ সময়েও এর কোনো দৃশ্যমান কাজ শুরু না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিএনজিচালক সুজন মিয়া ও ট্রাকচালক হাবিবুর জানান, দীর্ঘদিনের এই জোড়াতালির মেরামতে তারা অতিষ্ঠ এবং দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান।
সুনামগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, পাটাতন দেবে যাওয়ার খবর পেয়ে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। স্থায়ী আরসিসি সেতুর বিষয়ে তিনি বলেন, বর্তমানে দাপ্তরিক প্রক্রিয়া চলছে, যা সম্পন্ন হলেই দ্রুত নির্মাণকাজ শুরু হবে। তবে আসন্ন বর্ষা মৌসুমের আগে স্থায়ী সমাধান না হলে এই জনপদের মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: