১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম
ম্যাচের প্রথম আধা ঘণ্টা শেষ হওয়ার আগেই দুই দলের জালে বল জড়িয়েছে চারবার। শুরুতে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়িয়ে ইতালিকে বড় ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম। রোববার ঘরের মাঠে ৪-১ গোলের জয় তুলে নিয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।
একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স। ফলে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স ও বেলজিয়াম। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ইতালিকে।
ম্যাচের শুরুটা অবশ্য ইতালির পক্ষেই ছিল। ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করা পিও এস্পোজিতো ১১ মিনিটে দলকে এগিয়ে দেন। জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচে এটি তার দশম গোল।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইতালি। ১৫ থেকে ২৬ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বেলজিয়াম। প্রথমে মাক্সিম ডি কাইপার গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। এরপর ন্যাথান এনগয় ও জেরেমি ডোকুর পরপর দুই গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টা করেও সফল হয়নি ইতালি। বরং ৮০ মিনিটে ডিয়োগো মোরেরার গোলে বড় জয় নিশ্চিত করে বেলজিয়াম। গোলটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেভিন ডে ব্রুইনা।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: