সিলেটে নানা আয়োজনে “ছিলটি লোক উৎসব ২০২৬” ৯ এপ্রিল

সিলেটে নানা আয়োজনে “ছিলটি লোক উৎসব ২০২৬” ৯ এপ্রিল

প্রথম সিলেট প্রতিবেদন

০২/০৪/২০২৬ ১০:৪৮:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ঐতিহ্যবাহী ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে আগামী ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী “ছিলটি লোক উৎসব ২০২৬”। উৎসবটি আয়োজন করা হয়েছে সিলেট নগরের ঐতিহ্যবাহী স্থান আলী আমজাদের ঘড়ি ও কীনব্রিজ সংলগ্ন ছিলটি ঐতিহ্য চত্বরে।


আয়োজকরা জানান, ভাষা ও সংস্কৃতি একটি অঞ্চলের মানুষের পরিচয়ের মূল ভিত্তি। সিলেট অঞ্চলের মানুষ আবহমানকাল থেকে ধর্মপরায়ণ, অতিথিপরায়ণ ও সুফী-ঐতিহ্যে লালিত। এই বৈশিষ্ট্যগুলো সিলেটি ভাষা ও সংস্কৃতিতে গভীরভাবে প্রতিফলিত হয়েছে।


তবে বর্তমান গ্লোবালাইজেশন ও ডিজিটালাইজেশনের যুগে বহিরাগত সংস্কৃতির প্রভাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের কারণে সিলেটের আদি ভাষা ও সংস্কৃতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এতে করে তরুণ প্রজন্ম ধীরে ধীরে তাদের শেকড় ও আত্মপরিচয় থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


এই প্রেক্ষাপটে সিলেটের মরমী সুফীবাদী দর্শন ও ঐতিহ্যকে ধারণ করে ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়ানোর উদ্দেশ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।


দিনব্যাপী এই উৎসবে থাকছে ছিলটি লোকগান, ধামাইল গান, বিয়ার গান, ইসলামী সংগীত, ছিলটি কবিতা, ছড়া, পুঁথি পাঠ এবং ছিলটি নাটকসহ নানা আয়োজন।


আয়োজকরা সিলেটবাসীসহ সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে উৎসবে উপস্থিত থেকে সিলেটের ঐতিহ্যবাহী ভাষা ও সংস্কৃতির এই আয়োজন উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

ডি আর ডি

মন্তব্য করুন: