জৈন্তাপুরে সরকারি উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজি : ছাত্রদল নেতা গ্রেফতার

দল থেকেও বহিষ্কার

জৈন্তাপুরে সরকারি উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজি : ছাত্রদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৫/০৩/২০২৬ ২৩:৩৮:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে ব্যবহৃত বালুর ট্রাক আটকে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার বিরাখাই হাটিরগ্রাম ওয়াবদার বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং একই দিনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে সিলেট জেলা ছাত্রদল।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বড় গাং নদীর তীরবর্তী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙন রোধে চলমান সরকারি প্রকল্পে বালু সরবরাহকারী ট্রাকগুলো দুপুর ১টার দিকে বিরাখাই এলাকায় পৌঁছালে রহমত মারুফের নেতৃত্বে একদল যুবক গতিরোধ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। ট্রাকচালক মাহফুজুর রহমান ও প্রকল্পের ম্যানেজার ফারুক আহমদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা ও মারধরসহ ট্রাক ভাঙচুর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় চালক মাহফুজুর রহমান বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মারুফকে গ্রেফতার করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।

এদিকে, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের অনুমোদনে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে রহমত মারুফকে পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: