সিলেটে ঝোপে মিলল নারীর খুলি ও কঙ্কাল

সিলেটে ঝোপে মিলল নারীর খুলি ও কঙ্কাল

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

০৩/০৩/২০২৬ ১২:৪৬:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি ঝোপ থেকে এক নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাত দেড়টার দিকে বিশ্বনাথ বাইপাস সড়কের একটি বাড়ির সীমানার বাইরে ঝোপের ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কের পাশের একটি বাড়ির বাউন্ডারির বাইরে জমির ঝোপে একটি মাথার খুলি ও কঙ্কাল পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কঙ্কালের পাশে নারীর চুল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর এবং বেশ পুরোনো।


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “সংবাদ পেয়ে ইউএনও ও পুলিশসহ ঘটনাস্থলে যাই। কঙ্কালটি দেখে প্রাথমিকভাবে পুরোনো বলে মনে হয়েছে। চুলের উপস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর।”


বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি ঝোপ থেকে পুরোনো কঙ্কাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।”


পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর কঙ্কালটির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


উদ্ধারের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান এবং বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

ডি আর ডি

মন্তব্য করুন: