নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৯/০১/২০২৬ ১২:৫৩:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম মাদানি-কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।


রোববার (১৮ জানুয়ারি) এই আদেশ প্রদান করেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. ইমরান হোসেন। নোটিশে বলা হয়েছে, আগামী ২৫ জানুয়ারি সকাল ১১:৩০ টায় প্রার্থীকে নির্বাচনী কমিটিতে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দিতে হবে।


নোটিশে উল্লেখ করা হয়েছে, আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম সম্প্রতি ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেলের বাড়িতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন। উক্ত সভায় অ্যাডভোকেট সুফি আলম সোহেলও প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।


ভিডিও ক্লিপের ভিত্তিতে কমিটি স্ব-উদ্যোগে অনুসন্ধান চালিয়ে অভিযোগটি নির্বাচনি অভিযোগ নং ০১/২০২৬ হিসেবে রেজিস্ট্রিভুক্ত করেছে। নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ৪ ও ১৮ ধারার লঙ্ঘন এ ঘটনার মূল অভিযোগ।


নোটিশে বলা হয়েছে, ১৮ ধারার বিধি অনুযায়ী ২২ জানুয়ারি ২০২৬-এর আগে প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না। তাই প্রার্থী এবং অ্যাডভোকেট সুফি আলম সোহেলকে নির্দেশ দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কারণ দর্শানোর পাশাপাশি প্রার্থিতা বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা না নেয়ার কারণ ব্যাখ্যা করতে।


অভিযুক্তদের সঙ্গে সাক্ষ্য দেওয়ার জন্য ৭ নং ওয়ার্ড (মধ্য গণেশপুর গ্রামের) ইউপি সদস্যকেও উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশের কপি সংশ্লিষ্ট প্রার্থী, জেলা নির্বাচন কর্মকর্তা, ছাতক থানা ও ইউপি সদস্যের কাছে প্রেরণ করা হয়েছে।


তাহির আহমদ

মন্তব্য করুন: