সুনামগঞ্জে ভারি হচ্ছে ‘পূনর্বিবেচেনা’ এবং ‘প্রত্যাশী’দের মিছিল

বিএনপিতে বিদ্রোহ

সুনামগঞ্জে ভারি হচ্ছে ‘পূনর্বিবেচেনা’ এবং ‘প্রত্যাশী’দের মিছিল

লতিফুর রহমান রাজু. সুনামগঞ্জ

২২/১১/২০২৫ ১১:১৯:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে বিএনপির তিনটি আসনে মনোনয়ন ঘোষণার পর থেকে রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে। মনোনয়নপ্রাপ্ত, প্রত্যাশী ও বঞ্চিত প্রার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও বিভাজন স্পষ্ট, যা নির্বাচনী মাঠে নতুন নাটক সৃষ্টি করেছে।


সুনামগঞ্জে মোট পাঁচটি সংসদীয় আসন, এর মধ্যে তিনটিতে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। সুনামগঞ্জ-১ আসনে মো. আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে কয়সর এম আহমদ এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলন মনোনয়নপ্রাপ্ত। বাকী দুই আসনে মনোনয়ন না দেয়ায় প্রত্যাশী প্রার্থীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে।


মনোনয়নবঞ্চিত নেতারা প্রতিদিন সমাবেশ, মিছিল ও পথসভা চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল ও মাহবুবুর রহমানের সমর্থকরা এখন দলের মনোনয়নের প্রতি দৃঢ় দাবি জানাচ্ছেন। তাদের চেষ্টার উত্তাপে মনোনয়নপ্রাপ্ত মো. আনিসুল হকও নির্বাচনী মাঠে জোরালো প্রচারণা চালাচ্ছেন।


সুনামগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে তীব্র। মনোনয়নবঞ্চিত নেতারা একযোগে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। তিনি শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে নিজের স্থানীয় ভোট ব্যাংককে শক্তিশালী করার পাশাপাশি মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থনও আদায় করছেন। সম্প্রতি শান্তিগঞ্জের ডুংরিয়া গ্রামে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন, ন্যায়বিচার এবং স্বচ্ছ রাজনীতির জন্য সমর্থন চেয়েছেন তিনি।


সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়নপ্রাপ্ত কলিম উদ্দিন আহমদের কারণে মনোনয়নবঞ্চিত মিজানুর রহমান চৌধুরীর কর্মী ও সমর্থকেরা হতাশ, তবে তারা চূড়ান্ত মনোনয়নের আগে নিজেদের দাবির সঙ্গে মাঠে জোরেশোরে কার্যক্রম চালাচ্ছেন।


বিএনপিতে এই বিভাজন, প্রত্যাশা ও বিদ্রোহ রাজনৈতিক উত্তেজনার চিত্র আরও জ্বলন্ত করেছে। দলীয় মনোনয়নপ্রাপ্তদের জন্য এটি এখন কঠিন চ্যালেঞ্জ, আর প্রতিটি পদক্ষেপেই প্রার্থীদের আবেগ, সমর্থকদলের উত্তেজনা ও রাজনৈতিক চাপের ছাপ স্পষ্ট।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: