ছাতক–দোয়ারাবাজারের উন্নয়নই আমার লক্ষ্য: কলিম উদ্দিন মিলন
“ধানের শীষ বিজয়ী হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে ছাতক–দোয়ারাবাজারের মানুষের নিরাপত্তা ও উন্নয়নে জীবন উৎসর্গ করব”—এমন প্রতিশ্রুতি দিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়াবাজার পয়েন্টে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “আমি শুধু একজন প্রার্থী নই—ছাতক–দোয়ারাবাজারের মানুষের স্বপ্ন, ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক হয়ে মাঠে নেমেছি। ঘরে ঘরে যেতে হবে, সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে হবে, কারণ আমরা সংগ্রামের দিনেও এক ছিলাম, থাকব।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন,“একটি দল ‘গণভোট’ ও ‘পিআর’ নামের ছলচাতুরী দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু এবার আর মানুষ ভুলবে না—ধানের শীষে ভোট দিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করবে।”
উন্নয়ন প্রসঙ্গে মিলন বলেন,“দীর্ঘদিন ধরে এই অঞ্চল উন্নয়নবঞ্চিত। ভাঙা সড়ক, দুর্বল যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অব্যবস্থা—সবকিছু বদলাতে হবে। জনগণের কল্যাণে ছাতক–দোয়ারাবাজারে উন্নয়নের নতুন অধ্যায় শুরু করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন,“এই অঞ্চলের কমলালেবু, চুনাপাথর ও ব্যবসা-বাণিজ্যের খ্যাতি একসময় ব্রিটিশ আমল পর্যন্ত ছড়িয়ে ছিল। সঠিক নেতৃত্বের অভাবে হারানো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় অপরিহার্য।”
গণসমাবেশে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দোহালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। শেষে সবাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: