চাঙা হচ্ছে মাঠের রাজনীতি
সিলেটে দলে ফিরছেন বিএনপির বহিষ্কৃত ও অভিমানী নেতারা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল সংগঠনকে সুসংহত করতে এবং মাঠের রাজনীতিতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে সারা দেশের অন্তত ৫০০ বহিষ্কৃত নেতাকর্মীকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। দলীয় সূত্রমতে, এই তালিকায় সিলেট বিভাগের ১০ থেকে ১২ জন প্রভাবশালী নেতা রয়েছেন, যার মধ্যে বহিষ্কৃত নেতাদের পাশাপাশি অভিমান করে দল ছাড়া এক প্রবীণ নেতাও আলোচনায় আছেন।
সিলেটের রাজনীতিতে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে স্থানীয়ভাবে জনপ্রিয় ও পরীক্ষিত নেতাদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে যাঁরা দলে ফেরার অপেক্ষায় আছেন, তাঁরা নিজ নিজ এলাকায় প্রভাবশালী এবং তৃণমূল পর্যায়ে তাঁদের শক্ত অবস্থান রয়েছে। এর মধ্যে রয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন ও দেওয়ান জয়নুল জাকেরীন এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু। স্থানীয় নির্বাচন ও সাংগঠনিক কর্মসূচিতে এসব নেতার সক্রিয়তা সিলেটে দলের ভেতরকার কোন্দল নিরসন ও ঐক্য ফেরাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান
সিলেটের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা চলছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানকে নিয়ে। ছাত্ররাজনীতির একসময়ের এই দাপুটে নেতা বহিষ্কৃত নন, বরং ২০২১ সালের ১৮ আগস্ট দলীয় সিদ্ধান্তে ক্ষোভ ও অভিমান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন।
পদত্যাগের সময় গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ১৯৮৫ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে বিএনপিতে যুক্ত হয়ে দীর্ঘ ৩৫ বছর দলের দুর্দিনে কাজ করলেও স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলা ও মহানগর কমিটি গঠনের ক্ষেত্রে তাঁর মতামত উপেক্ষা করা হয়েছিল। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে সে সময় তিনি পদত্যাগ করেন। সম্প্রতি তাঁকে দলে ফিরিয়ে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হচ্ছে—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান নিজেও তাঁর ফেসবুক আইডি থেকে বিষয়টি শেয়ার করে সবার সহযোগিতা কামনা করেছেন। তাঁর প্রত্যাবর্তন সিলেটের মাঠের রাজনীতিতে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়াসহ নানা অভিযোগে সারা দেশে প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি, যার মধ্যে ২ হাজার ৬০০-এর বেশি নেতাকর্মী বহিষ্কৃত হন। পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় নির্বাচনকেন্দ্রিক কারণে আরও অন্তত ১৯০ জন বহিষ্কৃত হন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের অংশ হিসেবে গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, বিদ্রোহী প্রার্থীসহ কয়েকশ নেতাকর্মী দলে ফেরার আবেদন করেছেন। তবে বহিষ্কৃতদের তালিকায় থাকা সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম সম্ভাব্য ফেরার তালিকায় নেই বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, স্বতন্ত্র প্রার্থী হওয়াসহ বিভিন্ন কারণে বহিষ্কৃত নেতাদের অনেকেই ভুল স্বীকার করে আবেদন করেছেন। প্রতিটি আবেদনের ধরন ও স্থানীয় বাস্তবতা আলাদাভাবে যাচাই করা হচ্ছে। যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর এবং স্থানীয় রাজনীতিতে যাঁদের ফেরানো জরুরি, দলীয় চেয়ারম্যানের নির্দেশনায় তাঁদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত চিঠি পাঠানো শুরু হবে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: