নিখোঁজের ২৪ ঘণ্টা পর
সিলেটের সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিএসএফ সদস্য উদ্ধার
ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বরাক-সুরমা নদীতে নিখোঁজ হওয়া ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেটের অমলশীদ এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
উদ্ধার হওয়া বিএসএফ সদস্যের নাম কে. ভেনু। ৩০ বছর বয়সী এই সদস্য বিএসএফের ৭৫তম ব্যাটালিয়নে কর্মরত। তাঁর বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। তিনি আসামের কাছাড় জেলার কাটিগড় এলাকার হরিনগর সীমান্ত ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য সেন্টিনেল আসামের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ ও ২৩ নভেম্বরের মধ্যবর্তী রাতে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হন কে. ভেনু। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএসএফের হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব।
প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত এলাকায় চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীকে ধাওয়া করার একপর্যায়ে তাঁরা বরাক-সুরমা নদীতে প্রবেশ করেন। এ সময় পাচারকারীরা পাঁচটি মহিষ ফেলে পালিয়ে যায়। পরে জিতেন্দ্র যাদব নিরাপদে নদী থেকে ফিরে আসতে সক্ষম হলেও কে. ভেনুর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঘটনার প্রাথমিক বিবরণে বলেন, হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব নিরাপদে নদী থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে কনস্টেবল (জিডি) কে. ভেনু নিখোঁজ হন।
ভেনু নিখোঁজ হওয়ার পর তাঁর নদীতে ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এরপর বরাক-সুরমা নদী ও আশপাশের এলাকায় প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তাঁর বাংলাদেশে প্রবেশের বিষয়টি সামনে আসে। পরে বিজিবি সিলেটের অমলশীদ এলাকা থেকে তাঁকে উদ্ধার করে।
উদ্ধারের পর কে. ভেনুকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করবে বিজিবি।
প্রায় এক দিন নিখোঁজ থাকার পর বিএসএফ সদস্যকে উদ্ধারের ঘটনায় তাঁর অবস্থান নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে। এখন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: