জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ২ লাখ টাকা জরিমানা

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২১/১১/২০২৬ ২১:৫৮:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর তীরবর্তী পাড় কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) জেলা প্রশাসন, সিলেটের উদ্যোগে পরিচালিত এ অভিযানে চারটি বালুভর্তি নৌকার ইঞ্জিন খুলে জব্দ করা হয়। একই সঙ্গে ইজারাদারের পক্ষে রয়্যালটি আদায়ের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলমের নেতৃত্বে বড়গাং বালুমহালের উজানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল এবং সিলেট জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।

অভিযান সূত্রে জানা যায়, বড়গাং বালুমহালের উজানে বসতবাড়ি সংলগ্ন নদীর তীরবর্তী পাড় সম্পূর্ণ বেআইনিভাবে কেটে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় শ্যালো ইঞ্জিনচালিত প্রায় ২৫ থেকে ৩০টি নৌকা শনাক্ত করা হয়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা বালুভর্তি নৌকাসহ দ্রুত পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে কয়েকটি নৌকা নদীতে ডুবিয়ে দেওয়া হয়। এছাড়া চারটি বালুভর্তি নৌকার ইঞ্জিন খুলে জব্দ করা হয় এবং নৌকাগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

এ সময় নদীর উভয় তীরের বাসিন্দা ও দূরবর্তী স্থানে অবস্থানরত নৌকার শ্রমিকদের অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানকালে বড়গাং বালুমহালের ইজারাদারের পক্ষে রয়্যালটি আদায়ের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি অবৈধভাবে নদীর তীরবর্তী পাড় কেটে উত্তোলিত বালুর বিপরীতে রয়্যালটির রশিদ প্রদান করে অবৈধ কার্যক্রমকে বৈধতা দেওয়ার পাশাপাশি বিধিবহির্ভূতভাবে রয়্যালটি আদায় করে এ কাজে সহযোগিতা করছিলেন বলে অভিযান সূত্রে জানা গেছে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে নিজের অপরাধ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে তিনি জরিমানার সম্পূর্ণ অর্থ নগদে পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও জনবসতির জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থ, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad