জিএসসি ইউকে এর সুনামগঞ্জ চ্যাপ্টারের দ্বিবার্ষিক সাধারণ সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি)-এর সুনামগঞ্জ চ্যাপ্টারের দ্বিবার্ষিক সাধারণ সভা গত ২১ নভেম্বর শনিবার বিকেল ৪টায় শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ চ্যাপ্টারের সভাপতি নুরুল ইসলাম বজলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপার্সন সালেহ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এনামুল হক, সংগঠনের সিলেটের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম, শ্রীহট্ট প্রকাশনীর প্রকাশক জিবলু রহমান, সাংবাদিক খলিল রহমান ও চম্পা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সালেহ আহমদ বলেন, অতীতে যেভাবে সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর জন্য সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা হয়েছে, আগামীতে সেই কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বৃহত্তর সিলেটের মানুষের জন্য বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।
সভা শেষে অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরীকে সভাপতি এবং নুরুল ইসলাম বজলুকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ চ্যাপ্টারের নতুন কমিটি ঘোষণা করা হয়।
লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: