হারিয়ে যাচ্ছে হবিগঞ্জ মসজিদ-মক্তবের কোরআন শিক্ষা
একসময় শহর থেকে গ্রামের পাড়া-মহল্লা সবখানেই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মসজিদ ও মক্তবে শিশুদের কোরআন শিক্ষার পরিচিত দৃশ্য দেখা যেত। মসজিদের ইমাম ও আলেমদের কাছে শিশুরা কায়দা, আমপারা ও পবিত্র কোরআন শিখত। তবে সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন অনেকটাই ম্লান হয়ে গেছে। শহর ও গ্রামের অধিকাংশ এলাকায় আগের মতো মসজিদ-মক্তবকেন্দ্রিক কোরআন শিক্ষার কার্যক্রম দেখা যায় না। ফলে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মক্তব শিক্ষা।
একসময় শিশুদের মধ্যে আরবি ও কোরআন শেখার যে আগ্রহ ও উৎসাহ ছিল, বর্তমানে তা অনেকটাই কমেছে। আধুনিক জীবনযাপন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার চাপসহ নানা কারণে শিশুরা ক্রমেই মসজিদ ও মক্তব থেকে দূরে সরে যাচ্ছে। অথচ ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি শিশুদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ চরিত্র গঠনে কোরআন শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ পরিস্থিতিতে মসজিদ-মক্তবভিত্তিক কোরআন শিক্ষার কার্যক্রম আবারও চালু ও সম্প্রসারণে সরকারি পৃষ্ঠপোষকতা, আর্থিক সহযোগিতা এবং কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এরই মধ্যে বুধবার (১৮ নভেম্বর) হবিগঞ্জ শহরের অনন্তপুর ঐতিহ্যবাহী জামে মসজিদে দেখা গেছে ব্যতিক্রমী উদ্যোগ। মসজিদটির ইমাম ও বিশিষ্ট বক্তা মাওলানা সৈয়দ হোসেন বেলালী কয়েক বছর ধরে প্রতিদিন ভোরে প্রায় শতাধিক শিশুকে ইসলামের মৌলিক বিষয় ও পবিত্র কোরআন শিক্ষা দিয়ে আসছেন। তাঁর কাছে শিশুরা আনন্দ ও আগ্রহের সঙ্গে কোরআন শিখছে।
জানা গেছে, গত এক বছরে তাঁর উদ্যোগে ৭০ জন শিশু পবিত্র কোরআন শিক্ষা সম্পন্ন করেছে। বুধবারও নতুন করে ১৫ জন শিশুকে কোরআন শিক্ষার সবক দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ শাহী ঈদগাহ ও শায়েস্তানগর গাউছিয়া জামে মসজিদের খতিব, ইসলামিক চিন্তাবিদ ও বিশিষ্ট বক্তা মাওলানা আলহাজ্ব আশরাফুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন পঞ্চায়েত সর্দার মো. আদম আলী ও সাংবাদিক মীর মো. আব্দুল কাদির।
বক্তারা বলেন, কোরআন শিক্ষা কেবল ধর্মীয় জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের নৈতিক চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশব থেকেই শিশুদের কোরআন ও ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া হলে তারা ন্যায়-অন্যায়, ভালো-মন্দ এবং মানুষের প্রতি নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে উঠবে।
তাঁরা আরও বলেন, সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে অভিভাবকেরা যেভাবে গুরুত্ব দেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতিও একই রকম মনোযোগ দেওয়া প্রয়োজন। পরিবার ও সমাজে নৈতিক মূল্যবোধের চর্চা বাড়াতে শিশুদের ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
অনন্তপুর জামে মসজিদের এ উদ্যোগকে অনুকরণীয় দৃষ্টান্ত উল্লেখ করে বক্তারা বলেন, সমাজের প্রতিটি মসজিদে এ ধরনের কার্যক্রম চালু করা গেলে নতুন প্রজন্মের মধ্যে কোরআন শিক্ষার আগ্রহ বাড়বে। মসজিদ-মক্তবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও সচেতন নাগরিকদের এগিয়ে আসা প্রয়োজন।
শিশুদের কোরআন শিক্ষার সুযোগ বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতা, আর্থিক অনুদান ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: