অবসরপ্রাপ্তদের জন্য মিলনকেন্দ্র ও সিলেটে আধুনিক পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

অবসরপ্রাপ্তদের জন্য মিলনকেন্দ্র ও সিলেটে আধুনিক পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/১১/২০২৬ ১৩:৪৫:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও অবসর সময় কাটানোর জন্য একটি মিলনকেন্দ্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আজ শনিবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, সিলেট জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একসঙ্গে বসা, নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং পারস্পরিক যোগাযোগ রক্ষার প্রত্যাশা অত্যন্ত যৌক্তিক। সিলেটবাসী সম্মিলিতভাবে তাঁদের জন্য এমন একটি ব্যবস্থা করতে পারবে না, তা হতে পারে না। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন ও নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এ প্রকল্পের একটি অংশ হিসেবে সুরমা নদীর তীর সংরক্ষণ করে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে নগরবাসী, বিশেষ করে প্রবীণ ও স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা হাঁটাচলার সুযোগ পাবেন।

তিনি বলেন, সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারাগারটি স্থানান্তরের পর ওই স্থানে একটি দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে নগরবাসী সকাল-সন্ধ্যায় হাঁটাচলা করতে পারবেন এবং শিশুরা খেলাধুলার সুযোগ পাবে। পার্কটির নকশা প্রণয়নে দেশের সেরা নকশাবিদদের সহায়তা নেওয়ার চেষ্টা করা হবে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad