তাহসিফের মৃ /ত্যু ঘিরে তদন্তে নতুন মোড়, কে সেই তরুণী?

তাহসিফের মৃ /ত্যু ঘিরে তদন্তে নতুন মোড়, কে সেই তরুণী?

প্রথম ডেস্ক

০১/১১/২০২৬ ১০:৩৭:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিমানবাহিনীর বরখাস্ত হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্তের নতুন দিক সামনে এসেছে।

মৃত্যুর আগে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে এক তরুণীর সঙ্গে তার সময় কাটানোর তথ্য পেয়েছে পুলিশ। ওই তরুণীকে শনাক্ত করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি তাহসিফের জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিমের দায়ের করা হত্যা মামলায় দীপকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন। তবে কেন তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন, সেখানে আসলে কী ঘটেছিল এবং তার মৃত্যু দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে-এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নতুন করে সামনে আসা সিসিটিভি ফুটেজে তাহসিফকে এক তরুণী ও দীপের সঙ্গে উত্তরার ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ দেখা গেছে। ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ওই রাতের গতিবিধি এবং পরবর্তী ঘটনাগুলো সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

যে ফুটেজের সূত্রে জানা যায়, ঘটনার রাতে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে এক তরুণী এবং জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা কাটান তাহসিফ। পরে দীপকে সঙ্গে নিয়ে যান টঙ্গীর মাজার বস্তি এলাকায়। সেখান থেকে কীভাবে তাহসিফ তুরাগ নদে গেলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান তাহসিফ ও তার বান্ধবী। তারা একটি মোটরসাইকেলে সেখানে যান। ওই তরুণীকে খুঁজছেন তদন্তকারীরা।

এদিকে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়ীদের বিচারের দাবি করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সংগঠন ‘রাওয়া’।

নৌপুলিশের কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে দীপ বিভিন্ন তথ্য দিচ্ছেন। তবে তার বক্তব্যে কিছু অসংগতি ও এলোমেলো তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলো অন্যান্য তথ্যপ্রমাণের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।

নৌপুলিশ ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, দীপ পুরো ঘটনার সঙ্গে ছিলেন। ফলে তাকে জিজ্ঞাসাবাদে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে বেশকিছু তথ্য সামনে আসছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাহসিফ সত্যিই পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, বাসা থেকে বের হওয়ার পর তাহসিফ কোথায় কোথায় গিয়েছিলেন এবং কার কার সঙ্গে সময় কাটিয়েছিলেন, তা জানার চেষ্টা চলছে। তার ব্যবহৃত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষাও করা হচ্ছে। মোটরসাইকেলসহ অন্যান্য আলামত উদ্ধারের বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। সব তথ্য পর্যালোচনা করেই প্রকৃত ঘটনা বের করার চেষ্টা চলছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad