কোম্পানীগঞ্জে অটোরিকশাসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২
সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দুটি অটোরিকশাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের পারুয়া এলাকার মিলেনিয়াম পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া বৌদিকোনা গ্রামের আব্দুল হকের ছেলে কাউসার মিয়া (২০) এবং একই উপজেলার নয়া গাঙ্গেরপাড় এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে মোহাম্মদ বশির আহমদ (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনীর নির্দেশনায় এসআই অলি উল্লাহর নেতৃত্বে একটি আভিযানিক দল মিলেনিয়াম পেট্রোল পাম্পের সামনে তল্লাশি চৌকি বসায়। এ সময় দুটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা প্রসাধনী, চকলেট, ফুচকা, জিরা ও শনপাপড়িসহ বিভিন্ন ধরনের ভারতীয় খাদ্য ও ভোগ্যপণ্য উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনী প্রথম সিলেটকে জানান, আটক ব্যক্তিরা অটোরিকশায় করে চোরাচালানের পণ্যগুলো পরিবহন করছিলেন। জব্দ করা পণ্য ও অটোরিকশাসহ তাঁদের থানায় নিয়ে আসা হয়েছে। রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পণ্য আনার বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সোহেল রানা / নীরব চাকলাদার
মন্তব্য করুন: