ডোবায় মাছ ধরা নিয়ে জামালগঞ্জে চাচাতো ভাইয়ের ধাক্কায় ব্যক্তির মৃত্যু
সুনামগঞ্জের জামালগঞ্জে ডোবায় মাছ ধরা কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে চাচাতো ভাইয়ের ধাক্কায় নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রাধানগর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত নজরুল ইসলাম রাধানগর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত সমাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গ্রামের একটি কবরস্থানের পাশের একটি ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাই আব্দুল আলীর সঙ্গে কথা-কাটাকাটি হয় নজরুলের। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লোকমান হোসেন বলেন, নজরুল খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। চাচাতো ভাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কির পর মাটিতে পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেননি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী প্রথম সিলেটকে বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে নজরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন বলে পুলিশ জানতে পেরেছে। নিহত ব্যক্তির শরীরে কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রকি ইসলাম/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: