ছাতকে জাবা নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছাতকে জাবা নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জাবা ওয়েলফেয়ার ট্রাস্ট ও জাবা কুরআনিক গার্ডেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবা নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন গণেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম, জাবা কুরআনিক গার্ডেনের পরিচালক মাওলানা মুহিবুর রহমান উসমান, আমজাদ হুসেন এবং শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল হাফিজসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, ছাতক-দোয়ারা অঞ্চলে নার্সিং শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নার্স তৈরির পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের নার্সিং শিক্ষার সুযোগ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশের সুযোগ সৃষ্টি করাও এর অন্যতম উদ্দেশ্য। মানুষের সেবাকে নার্সিং পেশার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করে শিক্ষার্থীদের গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সফলতা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কল্যাণ এবং সমাজ ও দেশের মানুষের সেবায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—এমন প্রত্যাশা ব্যক্ত করে বিশেষ দোয়া করা হয়।
জাবা নার্সিং ইনস্টিটিউটের সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হলে ছাতক-দোয়ারা এলাকার শিক্ষার্থীদের নার্সিং শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। কুরআন খতম ও দোয়ার মাধ্যমে শুরু হওয়া এ উদ্যোগকে নার্সিং শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সুজন তালুকদার / রত্না বাউরী
মন্তব্য করুন: