ছাতকে আওয়ামী লীগ ঘনিষ্ট বিএনপি নেতা কামাল উদ্দিনের বহিষ্কার দাবি

ছাতকে আওয়ামী লীগ ঘনিষ্ট বিএনপি নেতা কামাল উদ্দিনের বহিষ্কার দাবি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০৯/২০২৬ ১৬:৫৯:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দলের সব পদ থেকে বহিষ্কারের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ও স্বাক্ষরপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক বরাবর জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ৯ সদস্যসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে এ লিখিত আবেদন করা হয়।

আবেদনে বলা হয়েছে, কামাল উদ্দিনকে জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়ার পর থেকেই স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক কার্যক্রমের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারীরা আরও দাবি করেন, কামাল উদ্দিনের ভাই হেলাল উদ্দিন জাউয়া বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং অপর ভাই মাছুম উদ্দিন জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কামাল উদ্দিনের বিভিন্ন ছবি রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় পর্যায়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে দাবি করেছেন আবেদনকারীরা।

আবেদনে আরও বলা হয়, গত ৮ সেপ্টেম্বর জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কামাল উদ্দিন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছাদির মিয়াকে মোবাইল ফোনে কল করে জেলা যুবদলের সহসভাপতি আব্দুর রহিম, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুক্তাদির আলমগীর ও সদস্য আব্দুস সালাম নোমানের নাম উল্লেখ করে তাঁদেরসহ কমিটির নেতৃবৃন্দকে গালাগাল ও হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে বলে আবেদনে দাবি করা হয়।

লিখিত আবেদনে জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমদ, আব্দুস সালাম নোমান, আনোয়ার হোসেন সাগর, গিয়াস উদ্দিন, আব্দুর রশিদ, এস এম মাহমুদ, আব্দুল মুক্তাদির আলমগীর ও আব্দুর রফিক ভুট্টো, কাজী সায়াদুজামান,সহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। এছাড়া জেলা যুবদলের সহসভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, যুবদল নেতা ছায়েদ মিয়া, কৃষকদল নেতা ছাদির মিয়া ও সামছুল হকসহ অন্য নেতাকর্মীদের স্বাক্ষরের কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন বলেন, “কামাল উদ্দিনের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ পেয়েছি। ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। আরও দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আবেদনকারীরা জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব পদ-পদবি থেকে কামাল উদ্দিনকে বহিষ্কারের জন্য সংশ্লিষ্ট সাংগঠনিক দায়িত্বশীলদের কাছে দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, স্থানীয় সংসদ সদস্য, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব এবং জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়কের কাছে পাঠানো হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে কামাল উদ্দিনের বক্তব্য চেয়ে ব্যক্তিগত সেলফোনে কল করা হলেও নাম্বারটি বন্ধ থাকায় মন্তব্য আদায় করা সম্ভব হয় নি। 

মীর্জা ইকবাল/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad