সিলেটে কিশোরী ধর্ষণ: ১৪ বছর পর ২ যুবকের ফাঁসির রায়

সিলেটে কিশোরী ধর্ষণ: ১৪ বছর পর ২ যুবকের ফাঁসির রায়

প্রথম ডেস্ক

০২/০৭/২০২৬ ১০:৪৩:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে ১৪ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড (ফাঁসি) দিয়েছেন আদালত। দীর্ঘ ১৪ বছর ধরে চলা আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে সিলেটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বিশ্বনাথ থানার শাহবাজপুর এলাকার জয়নাল (২৫) এবং কান্দিরগাঁও এলাকার নাজিম উদ্দিন (২৫)। সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নূর আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে নানার বাড়ি যাওয়ার পথে জয়নাল ওই কিশোরীকে ফুঁসলিয়ে একটি বসতঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা নাজিম উদ্দিন এবং জয়নাল মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করেন।

ধর্ষণের পর জয়নাল ঘর থেকে বেরিয়ে গেলে, কিশোরীটি চরম সাহসিকতার পরিচয় দেয়। সে ঘরে থাকা জয়নালের মোবাইল ফোনটি ব্যবহার করে গোপনে তার মাকে পুরো ঘটনা জানায়। খবর পেয়ে মা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে মেয়েকে উদ্ধার করেন। পরদিন তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন ছিল ভুক্তভোগী কিশোরী।

এই নির্মম ঘটনার পর ২০১২ সালের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ ১৪ বছর ধরে মামলার সাক্ষ্যগ্রহণ ও আইনি লড়াই শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এই দৃষ্টান্তমূলক রায় প্রদান করেন। দীর্ঘ সময় লাগলেও এই রায় সমাজে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে একটি কঠোর বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad