পাঠাগার বদলে দিতে পারে সমাজ: সিলেটে ‘বিহঙ্গ’ পাঠাগারের যাত্রা শুরু

পাঠাগার বদলে দিতে পারে সমাজ: সিলেটে ‘বিহঙ্গ’ পাঠাগারের যাত্রা শুরু

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০৭/২০২৬ ২২:৪৩:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

একটি পাঠাগার বদলে দিতে পারে একটি সমাজ। বইয়ের স্পর্শে মানুষের চিন্তার রাজ্যে যে পরিবর্তন ঘটে—সেই পরিবর্তনের ধারায় পারিপার্শ্বিক অবস্থার ইতিবাচক রূপান্তর সম্ভব। চিন্তার দৈন্যদশা থেকে সমাজ ও নতুন প্রজন্মকে মুক্তি দিতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। আর ‘বিহঙ্গ পাঠচক্র’ সেই পথ ধরেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে চায়।



বুধবার (১ জুলাই) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ রাজা ম্যানশনে শিশু-কিশোর সংগঠন ‘বিহঙ্গ’ সিলেট জেলার পাঠাগার উদ্বোধন ও নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক পথচলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে নতুন প্রজন্মকে ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে বইমুখী করা অত্যন্ত জরুরি। শিশু-কিশোরদের সৃজনশীল, মানবিক ও নৈতিক বিকাশের লক্ষ্যে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে ‘বিহঙ্গ’ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করবে এই পাঠাগার।


বিহঙ্গ-এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক তানজিনা বেগমের সভাপতিত্বে ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলা সাধারণ সম্পাদক আয়েশা আক্তারের পরিচালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সংগঠক দেবব্রত রায় দিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি মেঘদাদ মেঘ, মেঠোসুর সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক বিমান তালুকদার। 


সভায় বক্তারা বলেন,পাঠাগার হচ্ছে মানুষের জ্ঞান অর্জনের সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ জায়গা। মানুষের মননশীলতা ও মানসিক বিকাশে পাঠাগারের গুরুত্ব অপরিসীম। একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে এই পাঠাগারটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।


উদ্বোধনী অনুষ্ঠানে বিহঙ্গ সিলেট জেলা কমিটির সদস্যবৃন্দ, সচেতন অভিভাবক, শিক্ষক, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে বিহঙ্গের এই অনন্য উদ্যোগকে সাধুবাদ জানান এবং তরুণদের মেধা বিকাশে এই পাঠাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad