জন্মসূত্রে নাগরিকত্বে ট্রাম্পকে বড় ধাক্কা

জন্মসূত্রে নাগরিকত্বে ট্রাম্পকে বড় ধাক্কা

প্রথম ডেস্ক

৩০/০৬/২০২৬ ২৩:০৪:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক অধিকার অক্ষুণ্ন রেখে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এই রায়ের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা সংশ্লিষ্ট নির্বাহী আদেশ বাতিল হয়েছে, যা তার অভিবাসন নীতির জন্য বড় ধরনের আইনি প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হচ্ছে।


আদালত স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া প্রত্যেক ব্যক্তির নাগরিকত্বের অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত। ফলে নির্বাহী আদেশের মাধ্যমে সেই অধিকার খর্ব করার সুযোগ নেই।


রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, ‘নাগরিকত্ব হলো সব অধিকার অর্জনের ভিত্তি।’ তিনি স্মরণ করিয়ে দেন, সংবিধানের ১৪তম সংশোধনীর প্রণেতারা যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাধীনভাবে জন্ম নেওয়া প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করেছিলেন। আদালত সেই সাংবিধানিক অঙ্গীকারই বহাল রেখেছে।


যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের এই নীতি প্রায় ১৬০ বছর ধরে কার্যকর রয়েছে। সংবিধানের ১৪তম সংশোধনীর আওতায় দেশটির ভূখণ্ডে জন্ম নেওয়া অধিকাংশ ব্যক্তি জন্মের মুহূর্ত থেকেই মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি পান।


বিশ্লেষকদের মতে, সুপ্রিম কোর্টের এই রায় ট্রাম্প প্রশাসনের অভিবাসন-সংক্রান্ত অন্যতম বিতর্কিত উদ্যোগের পথ রুদ্ধ করেছে। নির্বাহী আদেশটি কার্যকর হলে অনথিভুক্ত অভিবাসী বাবা-মায়ের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানরা জন্মসূত্রে নাগরিকত্বের স্বীকৃতি হারাতেন।


এই রায়কে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের দীর্ঘদিনের সাংবিধানিক নীতির পুনর্ব্যক্তি হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, আদালতের এ সিদ্ধান্ত ভবিষ্যতেও এ অধিকারকে সাংবিধানিক সুরক্ষার আওতায় রাখার বার্তা দিল।

তাহির আহমদ/ সজল আহমদ

মন্তব্য করুন: