কুলাউড়ায় গাছে বাঁধা তরুণীর ম/র/দে/হ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনি খাড়িয়া (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মামুনি খাড়িয়া ওই এলাকার রবি খাড়িয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা কুলাউড়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর ধরন নিয়ে স্থানীয়দের মধ্যে নানা সন্দেহ দেখা দিয়েছে। তাঁদের ধারণা, তরুণীকে হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়ে থাকতে পারে। তবে এটি স্থানীয়দের ধারণা। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, তরুণীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
হিফজুর রহম্নান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: