ভাঙন রোধে কানাইঘাট ও জকিগঞ্জে ২৭৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নাধীন

ভাঙন রোধে কানাইঘাট ও জকিগঞ্জে ২৭৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নাধীন

মোর্শেদ আলম লস্কর, জকিগঞ্জ প্রতিনিধি

১০/১১/২০২৬ ২০:১৯:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এই দুই উপজেলার অতি ঝুঁকিপূর্ণ ১৭টি স্থানে ২৭৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫.১৭৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে পানিসম্পদমন্ত্রী এই তথ্য জানান।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের বৈঠকে নির্ধারিত প্রশ্ন ও উত্তর পর্বে বিষয়টি উত্থাপিত হয়। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের একটি তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এই তথ্য তুলে ধরেন। সংসদ অধিবেশনে উত্থাপিত এই প্রশ্নোত্তরটি যথাযথভাবে গৃহিত হয়।

এর আগে সংসদ সদস্য শাম্মী আক্তার তাঁর প্রশ্নে উল্লেখ করেন, সীমান্তবর্তী এলাকায় নদীর ভাঙনের কারণে বাংলাদেশের মানচিত্র সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই সুরমা-কুশিয়ারার ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

জবাবে পানিসম্পদমন্ত্রী জানান, ভারতের সঙ্গে প্রায় ৬৬ কিলোমিটার সীমান্তবর্তী জকিগঞ্জ অঞ্চলের ঝুঁকিপূর্ণ স্থানগুলো রক্ষায় ইতিমধ্যে একটি সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। সমীক্ষার সুপারিশ অনুযায়ী প্রকল্পটিকে তিনটি পর্যায়ে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় ‘সুরমা-কুশিয়ারা অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা’ শীর্ষক গুরুত্বপূর্ণ প্রকল্পটি বর্তমানে চলমান রয়েছে।

প্রকল্পের মধ্যে রয়েছে,জকিগঞ্জ উপজেলায় ১৩টি এবং কানাইঘাট উপজেলায় ৪টি ঝুঁকিপূর্ণ স্থানে প্রায় ২৭৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৫.১৭৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণের কাজ বাস্তবায়িত হচ্ছে। তাছাড়া প্রকল্পটির অংশ হিসেবে জকিগঞ্জের ১০টি স্থানে বর্তমানে মোবিলাইজেশন কার্যক্রম চলমান রয়েছে। প্রথম ধাপের পর ধারাবাহিকভাবে প্রকল্পটির দ্বিতীয় ও তৃতীয় পর্যায় বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সুরমা ও কুশিয়ারার করাল গ্রাসে এই অঞ্চলে দীর্ঘদিন ধরে বসতভিটা, উর্বর কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে ছিল। শুধু তাই নয়, ভূখণ্ডের সীমানা নিয়ে স্থানীয়দের মাঝে যে উদ্বেগ তৈরি হয়েছিল, সরকারের এই মেগা প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হলে কানাইঘাট ও জকিগঞ্জের জনপদ যেমন সুরক্ষিত হবে, তেমনি নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদী স্বস্তি ফিরবে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad