শহীদদের স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

শহীদদের স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

প্রথম ডেস্ক

৩০/০৬/২০২৬ ২০:০৪:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জুলাই গণঅভ্যুত্থান এবং ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে দলটি।


মঙ্গলবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ জুন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের স্বাক্ষরিত একটি সার্কুলারের মাধ্যমে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব শাখাকে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।


ঘোষিত কর্মসূচির আওতায় গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, আহতদের খোঁজখবর নেওয়া ও সম্ভাব্য সহায়তা প্রদান, ফ্যাসিবাদী সরকার ও তাদের সহযোগীদের বিচার দ্রুত সম্পন্ন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা, গণসংযোগ, গণজমায়েত ও মিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেয়ালিকা প্রকাশ, আন্দোলনের ভিডিও প্রদর্শনী, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং রক্তদান কর্মসূচিও আয়োজন করা হবে।


কর্মসূচির সূচনা হবে ১ জুলাই। ওই দিন বাদ আসর ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের উপস্থিত থাকার কথা রয়েছে।


একই দিনে বাদ ফজর ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে উত্তরায় শহীদ জাবের ইব্রাহীমের কবর জিয়ারত করা হবে। এছাড়া বিকেল ৪টায় শহীদ মীর মুগ্ধের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে দলের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী অংশ নেবেন।


দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও স্থানীয় শাখাতেও মাসব্যাপী নানা আয়োজনের মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরা হবে।

সজল আহমেদ / প্রীতম দাস

মন্তব্য করুন: