মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধে ভাই খুন, সদরে যুবকের আত্মহত্যা

মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধে ভাই খুন, সদরে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০২/১১/২০২৬ ২৩:৪৭:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বড় ভাই গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে, জেলার সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন মিনাজ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত রোববার (১ নভেম্বর) জেলার কমলগঞ্জ ও সদর উপজেলায় পৃথক এই দুটি মর্মান্তিক ঘটনা ঘটে।


কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবকের মৃত্যু:

কমলগঞ্জ উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জমি বিক্রিকে কেন্দ্র করে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম বড়গাছ গ্রামের উম্মর মিয়ার ছেলে। তাঁর ১৪ মাসের একটি কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত বড় ভাই জহিরুল ইসলাম জসিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়ুনল হক (২৮) নামের একজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামপাশা গ্রামের দুলা মাস্টারের লন্ডনপ্রবাসী ছেলে রিপন আহমেদের জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। বিক্রির জন্য নির্ধারিত জমির পাশের রাস্তার মালিকানা নিয়ে মামুন মিয়া (৩০), মাহমুদ মিয়া (৩৫) ও ময়ুনল হক নামের তিন ভাইয়ের সঙ্গে এই বিরোধ তৈরি হয়। জমির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন জহিরুল ইসলাম। রোববার বিকেলে জাহাঙ্গীরের চাচাতো ভাই ক্রেতা নিয়ে এলাকায় এলে কথা বলতে জহিরুলকে ডেকে আনা হয়। সেখানে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে জাহাঙ্গীর মারা যান।

নিহতের চাচা সুন্দর আলী অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হামলা। পূর্বপ্রস্তুতি নিয়েই হামলা চালানো হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়ুনল হককে আটক করা হয়েছে। পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


মৌলভীবাজার সদরে যুবকের আত্মহত্যা:

এদিকে জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় গত রোববার বিকেলে মিনাজ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার মৃত ফয়জুল্লাহর ছেলে।

পরিবারের দাবি, মিনাজ মিয়া দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। গত ২১ অক্টোবরও তিনি এ ধরনের চেষ্টা করলে তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত নেওয়া হয়েছিল। পরিবারের অগোচরে নিজ ঘরে তিনি আবারও গলায় ফাঁস দেন। পরে তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad