সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫ আটক

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫ আটক

প্রীতম দাস, সুনামগঞ্জ প্রতিনিধি

২০/০৬/২০২৬ ২১:৫৯:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ এক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনা এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন মিয়ার তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।


অভিযানের এক পর্যায়ে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে বিশ্বম্ভরপুর থানাধীন ১নং সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজারের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মার্সেল শো-রুমের সামনে পাকা সড়ক থেকে একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মোঃ সুলাইমান (৪০), তিনি বাঘবেড় গ্রামের মোঃ কিতাব আলীর ছেলে। পরে তার কাছ থেকে আনুমানিক ৩ হাজার টাকা মূল্যের ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করা হয়েছে।


এছাড়া পৃথক অভিযানে আদালতের এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (জিআর সাজা-২০১/২০) এবং সিআর মামলা (১২১/২৬)-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাদ্দাম হোসেন (৩২)-কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার চালবন্দ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।


অপরদিকে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ প্রতিরোধের অংশ হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন লক্ষীরপাড় গ্রামের ছফির উদ্দিনের ছেলে মইনুদ্দিন (২৭) এবং মানু মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (৩০)।


বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া বলেন, গ্রেফতারকৃত পাঁচ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সজল আহমেদ / প্রীতম দাস

মন্তব্য করুন: