রাষ্ট্র সংস্কারে সরকারকে ছাড় নয় :নাসির উদ্দিন পাটোয়ারী

রাষ্ট্র সংস্কারে সরকারকে ছাড় নয় :নাসির উদ্দিন পাটোয়ারী

প্রথম ডেস্ক

১৯/০৬/২০২৬ ২০:৪৭:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বর্তমান সরকারকে একবিন্দুও ছাড় দেওয়া হবে না। সরকারের বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এ কারণেই তাদের দল মাঠে নেমেছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না। তাই রাষ্ট্র সংস্কারের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। কোনো সরকার যদি দেশের ৭৫ শতাংশ মানুষের মতামতকে অগ্রাহ্য করে, তাহলে তার পতন ঘটতেও বেশি সময় লাগবে না।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাগেরহাটে দীর্ঘদিন ধরে শেখ পরিবারের একচ্ছত্র প্রভাব থাকলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হয়নি। বরং বিভিন্নভাবে সম্পদের অপচয় ও অপব্যবহার হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার কার্যক্রম, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং ঋণখেলাপিদের বিষয়ে এনসিপির সুস্পষ্ট অবস্থান রয়েছে। এসব বিষয়ে সরকারের ভূমিকা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ভারত থেকে ‘পুশ-ইন’-এর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশি পরিচয়ে লোকজনকে দেশে পাঠানোর বিষয়ে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে স্বাধীন ও স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠায় এনসিপি কাজ করছে।”

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি। এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা ও চিকিৎসা খাতে অবদান রাখার পাশাপাশি মুসলিমদের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য চর্চার সুযোগ তৈরি হবে বলে জানান।

মাজার জিয়ারত শেষে তিনি ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন।

সফরের শেষ পর্যায়ে নাসির উদ্দিন পাটোয়ারী বাগেরহাটের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর গুরুত্ব তুলে ধরে সেগুলোর সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। একই সঙ্গে দেশের প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় ঐতিহ্য রক্ষায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সজল আহমেদ

মন্তব্য করুন: