সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ৭ অপরাধী গ্রেফতার
সুনামগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় শিশু অপহরণ, মাদক, জুয়া ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ জুন (শুক্রবার) দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় সদর মডেল থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অপরাধবিরোধী এ অভিযান চালানো হয়। পৃথক পৃথক অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জন এবং প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এছাড়া, শিশু অপহরণ মামলার এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। একই সাথে আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আরও ১ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রতন শেখ (পিপিএম) সংবাদমাধ্যমকে জানান, সদর উপজেলাকে অপরাধমুক্ত ও শান্ত রাখতে আমাদের এই নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে এবং অপরাধ চক্র দমনে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক মহল।
প্রীতম দাস/ তানজুবা তাবাসসুম
মন্তব্য করুন: