শাল্লায় কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
কৃষি খাতের আধুনিকায়ন ও টেকসই প্রযুক্তি প্রসারের অঙ্গীকার নিয়ে সুনামগঞ্জের শাল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’। বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন শাল্লা উপজেলা কৃষি অফিসার শুভজিৎ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভূতোষ চৌধুরী।
কংগ্রেসে প্রধান আলোচ্য বিষয় ছিল কৃষিতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। বিশেষ করে, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পণ্যের মান নিশ্চিত করার লক্ষ্যে ‘গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস’ (GAP) বা উত্তম কৃষি চর্চার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের কৃষি প্রকৌশলী তাপস তালুকদার এবং শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাহবুবুর রহমান। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গনেন্দ্র চন্দ্র দাস এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুল মুহিত।
আয়োজকরা জানান, বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (IFAD)-এর সহায়তায় কৃষিতে আধুনিক প্রযুক্তি ও কৌশল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কংগ্রেসের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকরা উন্নত চাষাবাদ পদ্ধতি ও টেকসই কৃষিব্যবস্থা সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবেন, যা ভবিষ্যতে স্থানীয় কৃষি উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে, ‘পার্টনার কংগ্রেস- ও সমবায় এর উপর আলোকপাত করে বিস্তর বক্তব্য রাখেন।
আমীর হোসাইন/ সজল আহমদ
মন্তব্য করুন: