শাল্লায় মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

শাল্লায় মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

১৭/০৬/২০২৬ ১৭:৩২:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পে চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি মসজিদের রিটেইনিং ওয়াল নির্মাণকাজে ব্যাপক কারচুপির ঘটনা সামনে আসায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


এর আগে গত ৮ জুন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে এই নির্মাণকাজের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।



স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে নির্মাণাধীন রিটেইনিং ওয়ালে প্রাক্কলন (এস্টিমেট) অনুযায়ী রড ব্যবহার করা হচ্ছে না। রডগুলো নির্ধারিত দূরত্বের চেয়ে অনেক বেশি ফাঁকা রেখে বসানো হচ্ছে। এছাড়া শুকনো মৌসুমে কাজ শেষ না করে, এখন বর্ষার পানির মধ্যেই তড়িঘড়ি করে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শেষ করার চেষ্টা চলছে।


সরেজমিনে সাধারণ মানুষের অভিযোগ, নির্মাণস্থলে তদারকির জন্য কোনো দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী উপস্থিত থাকেন না। ফলে শ্রমিকরা নিজেদের ইচ্ছামতো কাজ করছেন। সাইটে কর্মরত কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বললে তারা স্বীকার করেন, পবিত্র ঈদুল আজহার পর থেকে কোনো প্রকৌশলী সাইটে আসেননি; তারাই নিজেদের মতো কাজ চালিয়ে যাচ্ছেন।


রডের দূরত্ব বেশি হওয়ার বিষয়ে জানতে চাইলে সাইটে থাকা এক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কিছু জায়গায় ফাঁকা একটু বেশি হয়েছে, পরে তা ঠিক করে দেওয়া হবে।”


এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস প্রথম সিলেটকে বলেন, “মডেল মসজিদের কাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।” অভিযোগ পাওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে সাইটে নিয়োজিত ফোরম্যানকে ডেকে নির্মাণকাজ যথাযথ নিয়ম ও মান বজায় রেখে সম্পন্ন করার কঠোর নির্দেশ দেন।


এদিকে সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পটিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতির সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় সচেতন মহল।

আমির হোসাইন/ সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad