মৌলভীবাজারে জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট নিক্সন গ্রেপ্তার
মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ অক্টোবর দিবাগত রাতে নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় অ্যাডভোকেট নিক্সনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, অ্যাডভোকেট নিক্সন নিজ বাসভবনে অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে ২ অক্টোবর রাতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার মডেল থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নিক্সনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ এবং পরবর্তী সময়ে কারাগারে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে।
হিফজুর রহমান -রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: