কুমিল্লায় হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেফতার

কুমিল্লায় হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৬/২০২৬ ১৪:৪৮:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সম্পত্তির বিরোধের জেরে কুমিল্লার বরুড়ায় জসীম উদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাজমুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। 


শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সিলেটের কোতোয়ালি থানার ব্লু বার্ড স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল ইসলাম কুমিল্লার বরুড়া থানার ধানিশ্বর এলাকার আলী আকবরের ছেলে। 


রোববার (১৪ জুন) দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নিহত জসীম উদ্দিন ও গ্রেফতারকৃত নাজমুল ইসলাম পরস্পরের আত্মীয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।


জানা গেছে, গত ১৫ মার্চ নাজমুল ও তার সহযোগীরা জসীম উদ্দিনের ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এতে জসীম ও তার স্ত্রী বাধা দিলে আসামিরা তাদের এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে যান।


এরপর ১৬ মার্চ সন্ধ্যায় জসীম উদ্দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন—এমন খবর পেয়ে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা বসতবাড়িতে ভাঙচুর ও ক্ষয়ক্ষতি সাধন করে। একপর্যায়ে জসীম উদ্দিন ঘর থেকে বের হয়ে তাদের চলে যাওয়ার অনুরোধ করলে, আসামিরা তাকে ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। এরপর তাকে হাত-পা বেঁধে বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়া হয়।


পরবর্তীতে স্থানীয় লোকজন জসীম উদ্দিনকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কুমিল্লার বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি নাজমুল ইসলাম সিলেটে এসে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad