সিলেটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ফারুক আহমদের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একজন সাবেক জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডে পুরো উপজেলা জুড়ে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় বইছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে সাবেক ইউপি সদস্য ফারুক মেম্বার বেশ আয়েশি ভঙ্গিতে মাদক সেবন করছেন। এ সময় তাঁর সাথে আরও কয়েকজনকে মাদক সেবনের প্রক্রিয়ায় অংশ নিতে দেখা যায়।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সমাজের সচেতন মহল অবিলম্বে অভিযুক্ত ফারুক মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে:"যাঁরা সমাজের অভিভাবক হয়ে মাদক ও অপরাধের বিরুদ্ধে কথা বলবেন, তাঁরাই যদি এভাবে নেশায় বুঁদ হয়ে থাকেন, তবে তরুণ সমাজ বিপথগামী হবে।"
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ফারুক মেম্বারের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম সিলেটকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: