সুনামগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ: আহত অন্তত ১০

সুনামগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ: আহত অন্তত ১০

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৯/০৬/২০২৬ ১৬:১৮:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই রাস্তা (মদনপুর) পয়েন্টে একটি যাত্রীবাহী বাস ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই দুই যানের চালক পালিয়ে গেলেও ঘাতক বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।


​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মদনপুর পয়েন্টের সড়কের একপাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন যাত্রী মারাত্মকভাবে আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।


​দুর্ঘটনার খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ স্থানীয় জনতার সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।


​বর্তমানে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তবে ঘটনার পরপরই দুই গাড়ির চালকই কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।


​ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশের এএসআই মোতালেব জানান, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। যানবাহন দুটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। চালকরা পলাতক থাকলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রীতম দাস/ তাহির আহমদ

মন্তব্য করুন: