হবিগঞ্জে প্রবাসীর স্ত্রী-সন্তানের গলায় দা ঠেকিয়ে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই

হবিগঞ্জে প্রবাসীর স্ত্রী-সন্তানের গলায় দা ঠেকিয়ে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

০৭/০৬/২০২৬ ২২:৪১:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক সৌদি প্রবাসীর স্ত্রী ও ছেলের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগীরা হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের সৌদি প্রবাসী ফরিদ মিয়ার স্ত্রী রাহেলা জেসমিন ও তাঁর ছেলে ফেরদৌস পাহিম (১৬)।


পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরব থেকে পাঠানো টাকা ইসলামী ব্যাংকের শায়েস্তাগঞ্জ শাখা থেকে উত্তোলন করে বাড়ি ফিরছিলেন রাহেলা জেসমিন ও তাঁর ছেলে। পথে হুছাইনিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। এ সময় দুজন মোটরসাইকেল থেকে নেমে কিশোর ফেরদৌসের গলায় ধারালো দা ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং রাহেলা জেসমিনের সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।


রাহেলা জেসমিন প্রথম সিলেটকে বলেন, ‘ব্যাংক থেকে টাকা তোলার পর থেকেই হয়তো ছিনতাইকারীরা আমাদের অনুসরণ করছিল। আমরা বিষয়টি টের পাইনি। বাসার কাছাকাছি আসতেই মোটরসাইকেলে এসে তিনজন আমাদের পথ আটকায়। ছেলের গলায় দা ধরে কোপ দেওয়ার হুমকি দিলে ছেলেকে বাঁচানোর জন্য আমি টাকার ব্যাগটি ওদের দিয়ে দিই।’


খবর পেয়ে বিকেলে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ শোনে।


চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীর প্রথম সিলেটকে বলেন, ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ফয়সল চৌধুরী /ডি আর ডি

মন্তব্য করুন: