আইনি পদক্ষেপের পথে হাঁটছেন বিজয়-রাশমিকা
ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্য ও অনলাইন হয়রানির অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
তাদের সম্পর্ক নিয়ে ভুয়া বক্তব্য প্রচার, বিকৃত স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া এবং ইচ্ছাকৃতভাবে অপপ্রচারের অভিযোগে হায়দরাবাদের সাইবার অপরাধ তদন্ত কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তাদের প্রতিনিধিরা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) অভিযোগটি জমা দেওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি এখনো পর্যবেক্ষণে আছে। সোমবার রাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি।
সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ নিজেদের প্রেম ও বিয়ে নিয়ে কথা বলেন বিজয় ও রাশমিকা। অনুষ্ঠানে বিজয় জানান, বিয়েতে রাজি করাতে রাশমিকাকে প্রায় ১০০ বার প্রস্তাব দিতে হয়েছিল তাকে। তার এই বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়।
অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়ার পর একাংশের নেটিজেন নেতিবাচক মন্তব্য করেন। পাশাপাশি তাদের পুরোনো সাক্ষাৎকারের ভিডিও নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়।
একপর্যায়ে বিষয়টি ব্যক্তিগত আক্রমণ ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ করেন অভিনেত্রী।
এর পরিপ্রেক্ষিতে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে আট পৃষ্ঠার একটি বিবৃতি প্রকাশ করেন রাশমিকা। সেখানে তিনি বলেন, কারও মতামত প্রকাশ বা সমালোচনা করার অধিকার রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে তাদের নিয়ে যা ঘটছে, তা স্বাভাবিক সমালোচনার সীমা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণে রূপ নিয়েছে।
বিজয়ের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে অভিনেত্রী জানান, বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনেরই নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল। বিজয় সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিলেন। তবে বিষয়টিকে ভালোবাসার ঘাটতি হিসেবে দেখার সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।
নিজের দাম্পত্য জীবন নিয়ে সন্তুষ্টির কথাও তুলে ধরেন রাশমিকা। একই সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মতামত প্রকাশ করতে গিয়ে পরিবারের সদস্যদের আক্রমণ না করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ও ভিডিও প্রকাশ করেন বিজয় দেবরাকোন্ডা। সেখানে রাশমিকাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তাদের দাম্পত্য জীবন সুখের বলে জানান অভিনেতা।
তারকা দম্পতির প্রতিনিধিদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নামে মনগড়া বক্তব্য প্রচার, বিকৃত স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া, ভুয়া পরিচয়ে প্রচারণা চালানো এবং পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ গোষ্ঠী কিংবা অর্থের বিনিময়ে পরিচালিত প্রচারণা রয়েছে কি না, তা খতিয়ে দেখারও অনুরোধ জানিয়েছেন তারা।
প্রতিনিধিরা আরও জানিয়েছেন, মতপ্রকাশের স্বাধীনতা ও সমালোচনার অধিকারকে তারা সম্মান করেন। তবে মতামত প্রকাশের সঙ্গে মিথ্যা বা বিকৃত তথ্যকে সত্য হিসেবে প্রচারের পার্থক্য রয়েছে। অভিযোগের পক্ষে সংশ্লিষ্ট অনলাইন পোস্টের লিংক ও অন্যান্য তথ্যপ্রমাণও কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে বিয়ে করেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
পূজা বাড়াইক/প্রসি-26
মন্তব্য করুন: