টাঙ্গুয়ার হাওরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন
জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ জলাভূমি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপন ও স্থানীয়দের সাথে সভা করেছে পরিবেশবাদী সংগঠন "টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম"। বুধবার বেলা ১১ টায় হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এই কার্যক্রম চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর উপদেষ্টা তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, দৈনিক মানবজমিন পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এমএ রাজ্জাক। সংগঠনের সভাপতি সাংবাদিক-গীতিকার রাজু আহমেদ রমজানের পরিচালনায় সিনিয়র সহ-সভাপতি দুলাল কান্তি পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জিকে সংগঠনের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। পিতার পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সাংবাদিক শামছুল আলম আখঞ্জি টিটু।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সহসাধারণ সম্পাদক শিক্ষক পলেন আহমদ, কার্যনির্বাহী সদস্য দশরথ হাজং। এর আগে হাওর এলাকায় করচ গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ। এরপর
পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য অপসারণ করেন সংগঠনের সদস্যবৃন্দ। পরে অতিথিদের উপস্থিতিতে মাটিতে পুতে ফেলা হয়।
পূজা বাড়াইক/প্রসি-26
মন্তব্য করুন: